২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুকে কটূক্তি’ চেয়ারম্যান ও নির্বাচন কর্মকর্তার

বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তির অভিযোগে মাধবপুর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2015, 07:52 PM

Updated : 22 Aug 2022, 12:00 PM

সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মাধবপুর থানায় মামলাটি দায়ের করেন উপজেলার চৌমুহনী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবু।

আসামিদের মধ্যে রয়েছেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাহবুব আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র শাহ মো. মুসলিম।

অভিযোগে বলা হয়, অনুষ্ঠানে বক্তৃতাকালে উপজেলা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে বঙ্গবন্ধুর নামে কটূক্তি করেন।

তার এ বক্তৃতাকে সমর্থন করেন উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।

এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মর্মাহত হন।

এর প্রতিবাদ করলে আসামি ও তার লোকজন চেয়ার ভাংচুর করে উত্তেজনা সৃষ্টি করে।

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শাহ মো. মুসলিম তাকে মাধবপুর থেকে বদলি করার জন্য আবেদন করেছিলেন। এতে ব্যর্থ হয়ে তিনি তার উপর পরিকল্পিতভাবে হামলা করেন।

এখন মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করেছেন। তবে, তিনি যথারীতি অফিস করছেন বলে জানান।

মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামিরা বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদেরকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

২৬ মার্চ রাতে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সঞ্চালক উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামকে মারধরের অভিযোগে ওই রাতেই তিনি বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমসহ ২০ জনের নাম উল্লেখ করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত রাজাকার সৈয়দ মো. কায়সারের ভাই।

মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহানসহ স্থানীয় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সঙ্গে যোগসাজসে সেদিন অনুষ্ঠান পরিচালনা করছিলেন বলে অভিযোগ করেছিলেন মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম।

পুরনো খবর:

নির্বাচন কর্মকর্তাকে ‘মারধর’, মামলায় আ. লীগ নেতাকর্মী