রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তী চেয়ারম্যান বৃষ কেতু
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বৃষ কেতু চাকমা।
পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা বুধবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফারহানা হায়াত স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই অন্তর্বর্তীকালীন পরিষদ গঠনের কথা জানানো হয়, যেখানে সদস্য হিসেবে রয়েছেন আরও ১৪ জন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯, ১৯৯৭ সালে সংশোধিত ১৬(ক)(২), (৪) উপধারা এবং ২০১৪ সালের সংশোধিত ৪(২) এর উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে।
এর ফলে আগের পরিষদ বাতিল এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী পরিষদ দায়িত্ব পালন করবে।
নবগঠিত এ অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যরা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, মো. জানে আলম, ত্রিদিব কান্তি দাস, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সুবীর কুমার চাকমা, অমিত চাকমা (রাজু), সাধন মনি চাকমা, অংসুই প্রু চৌধুরী, থোয়াই চিং মারমা, স্মৃতি বিকাশ ত্রিপুরা, চান মুনি চাকমা, রেমালিয়ানা পাংখোয়া, বেগম জেবুননেছা রহিম ও সান্তনা চাকমা।
গত ২৩ নভেম্বর সংসদে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ নামে পৃথক তিনটি বিল পাস হয়।
ওই বিলে প্রত্যেক জেলা পরিষদে একজন চেয়ারম্যান ও ১৪ জন সদস্যের পদ রাখা হয়।
