মাগুরায় পেট্রোল বোমা: ভবিষ্যতের ভাবনায় দগ্ধদের স্বজনরা
মাগুরার মঘির ঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাদের স্বজনরা।
শনিবার রাতে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছিলেন নয় শ্রমিক, যাদের মধ্যে তিন জন মারা গেছেন। দগ্ধ আরও তিন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
নিহতরা হলেন, রওশন আলী (৪৫), শাকিল আহমেদ (৩০) ও মতিন বিশ্বাস।
এদের মধ্যে শনিবার রাতে ঢাকায় নেওয়ার পথে রওশন ও রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়। মতিন বিশ্বাসের মৃত্যু হয় রোববার বিকালে।
নিহত রওশনের বাড়িতে গিয়ে দেখা যায়, তার গোটা পরিবারে চলছে শোকের মাতম। হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে রওশনের স্ত্রী নাবালক তিন সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
রওশনের স্ত্রী সুকুরন্নেছা বিলাপ করে বলছিলেন, “টাকা না থাকায় শুক্রবার বাড়িতি বাজার আসিনি। কাজে যাওয়ার সময় মনির বাপ বড় ছেলে সাকিবরে কয়ছিল আব্বা তুমি মাদ্রাসায় যাও আজ (শনিবার) কাম করে বাজার নিয়ে বাড়ি আসপানে। রাতি এক সাথে বসে খাবানে। কিন্তু আর ফিরলো না।”
সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া নিয়েই যত চিন্তা সুকুরন্নেছার।
“এখন আমি তিনটে নাবালক পুলাপান নিয়ে কি করে বাচে থাকপানে। যারা আমার স্বামীরে পুড়ায়ে মারিছে, আমাগের পথে বসাইছে আমি তাদের শাস্তি চাই।”
নিহত শাকিলের বাড়িতে গিয়েও দেখা গেছে শোকাবহ।
পরিবারের বড় সন্তান ও একমাত্র উপার্জনক্ষম পুত্র শাকিলকে হারিয়ে তার বাবা ইসলাম মোল্লা কখনও বিলাপ করছেন, কখনো মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। মা ও অপর তিন ভাই-বোন শোকে নির্বাক।
ইসলাম মোল্লা জানান, শাকিলের বয়স ৩০ হলেও স্বল্প আয়ের সংসারে মা-বাবা, ভাই-বোনের সুখের কথা ভেবে সে এখনও বিয়ে করেনি।
রাজনীতির সঙ্গে জড়িত না থেকেও দিনমজুর দুটি তাজা প্রাণের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গ্রামবাসীসহ পরিবারের সদস্যরা এ ঘটনা কোনভাবে মেনে নিতে পারছেন না। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
রজব আলী ও জাফর বিশ্বাস নামে দুই গ্রামবাসী জানান, নিহত রওশন ও শাকিলসহ অগ্নিদগ্ধ ৯ জনের কেউ রাজনীতির সাথে জড়িত না। তারা প্রত্যেকেই গ্রামের সহজ-সরল খেটে খাওয়া মানুষ। নিরাপরাধ মানুষের উপর এই বর্বতা মেনে নেওয়া যায় না।
এদিকে দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয় রওশনের লাশ। পরে বাদ আসর নিজ গ্রাম মালিকগ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।
জেলা প্রশাসক মাহবুবর রহমান জানান, দুর্বৃত্তদের দ্বারা নয় জনের অগ্নিদগ্ধ হওয়ার পর শনিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া চিকিৎসার জন্য প্রশাসনের ব্যবস্থাপনায় দগ্ধদের ঢাকায় পাঠানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন কয়েক জনকে আটক করা হয়েছে।
