শুরু হল সমরাস্ত্র প্রদর্শনী
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকালে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কোয়ারে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিতভাবে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে বিমান বাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান লাল-সবুজ ধোঁয়া ছেড়ে উড়ে যায়। প্রধানমন্ত্রী প্রদর্শনী ঘুরে দেখার সময় ছত্রীসেনারা আকাশ থেকে নেমে আসে।
সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক।
নয় দিনের এই প্রদর্শনী ২৩ থেকে ২৫ ও ২৭ থেকে ৩১ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।
২৬ মার্চ বেলা ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য ও সেনানিবাসস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী এবং ৩১ মার্চ বেলা ১২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য খোলা থাকবে এই প্রদর্শনী।
