গাজীপুরে পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে ছয়টি পেট্রোল বোমা ও বোমা তৈরির উপকরণসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
রোববার সিটি করপোরেশনের তেলীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নলজানী এলাকার নাজমুল ইসলামের ছেলে মো. রাফিউল আলম (১৮) ও বারবৈকা এলাকার মোশারফ হোসেনের ছেলে মো. সঙ্গীত (১৮)
র্যাব-১ এর লেফটেন্যান্ট কমান্ডার কাজী মো. শোয়াইব জানান, তেলীপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওয়ালটন শো-রুমের সামনে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে কয়েকজন যুবক অবস্থান করছে খবর পেয়ে র্যাব অভিযান চালায়।
এ সময় রাফিউল ও সঙ্গীতকে ছয়টি পেট্রোল বোমাসহ আটক করা হয়।
সন্ধ্যায় এ দুজনকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।
