মংলায় ভবন ধস: তদন্ত প্রতিবেদন এ সপ্তাহে
বাগেরহাটের মংলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবন ধসের তদন্ত কাজ শেষ করেছে কমিটি।
চলতি সপ্তাহের যেকোনো দিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তদন্ত কমিটি জানিয়েছে।
রোববার সন্ধ্যায় কমিটির প্রধান খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ ফারুক হোসেন এ তথ্য জানান।
গত ১২ মার্চ এ্যালিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবন ধসে আট নির্মাণ শ্রমিক নিহত এবং অর্ধশতাধিক শ্রমিক আহত হন।
ওইদিনই খুলনার বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ নয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
তদন্ত কমিটি প্রধান ফারুক হোসেন জানান, তারা ভবনের নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান আইটিসিএলের কর্মকর্তা এবং সেনাকল্যাণ সংস্থার এ্যালিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট কারখানার প্রকৌশলী লিখিতভাবে ওইদিনের ঘটনার বর্ণনা লিখিত বর্ণনা দেন।
ওইদিন ভবন থেকে পড়ে যারা আহত হয়ে মংলা বন্দর হাসপাতাল, রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন কমিটির সদস্যরা তাদের মধ্যে অন্তত ৩০ জনের জবানবন্দি নেন।
বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত দল গত ১৪ মার্চ তদন্ত শুরু করে। চলতি সপ্তাহে তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।
গত ১২ মার্চ দুপুরে মংলা শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন এলিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট কারখানার নির্মাণাধীন চারতলার সমান উঁচু একটি মিলিং হাউজের ছাদ ধসে আট নির্মাণ শ্রমিক নিহত এবং অন্তত অর্ধশত শ্রমিক আহত হন।
সাত কার্যদিবসের মধ্যে এই কমিটির তদন্ত শেষ করে বিভাগীয় কমিশনারের কাছে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
কমিটিতে অন্য সদস্যরা হলেন খুলনা বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, খুলনা রেঞ্জের ডিআইজির প্রতিনিধি, খুলনা গণপূর্ত বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক এবং নির্বাহী প্রকৌশলী, সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক, বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ও কোস্টগার্ডের প্রতিনিধি।
