কোটালীপাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্মদিন পালিত
মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে ও গান গেয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কয়েকহাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
রোববার একটি বেসরকারি সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিকাইল ফুল দিয়ে অনুষ্ঠানে আসা শিশুদের বরণ করেন।
এরপর তিনি শিশুদের নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আসা স্কুলছাত্রী শুভ্রা বালা ও ছাত্র মোছাব্বের ওসমানী বলে, জম্মদিন পলন করার সামর্থ্য তাদের নেই। প্রতিবেশীদের জম্মদিন পলন করতে দেখে তাদেরও জম্মদিন পালনের ইচ্ছে হয়।
ইউএনও মোহাম্মদ মিকাইল বলেন, সুবিধাবঞ্চিত এসব শিশুর পরিবার আর্থিকভাবে স্বচ্ছল নয়। তাই তাদের জন্মদিন পালন করা সম্ভব হয় না।
ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এ অনুষ্ঠানের প্রশংসা করে তিনি অন্যান্য সংস্থা ও সমাজের বিত্তবানদেরও এ ধরনের অনুষ্ঠান করার আহবান জানান।
অনুষ্ঠানে আগত শিশুদের খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে টিফিন বক্স ও একটি করে গ্লাস দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার কাজল এ দ্রং, প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া এডিপির স্পন্সরশিপ প্রোগ্রামের টিম লিডার যোহন মূরমু প্রমুখ উপস্থিত ছিলেন।
