ডব্লিউআইপি পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
লিঙ্গ বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য’ দৃষ্টান্ত রাখায় বাংলাদেশকে উইমেন ইন পার্লামেন্টস গ্লোবাল ফোরাম পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এ পুরস্কার গ্রহণ করবেন।
‘বৈশ্বিক পরিবর্তনের জন্য নতুন নেতৃত্ব’ স্লোগান নিয়ে এবার আদ্দিস আবাবায় ডব্লিউআইপির বার্ষিক সম্মেলন হচ্ছে। ইউরোপীয় কমিশনের পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন আয়োজনের অংশদীর আফ্রিকান ইউনিয়নও।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্মেলনের অন্যতম আয়োজন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য পরিচিত এবং আঞ্চলিক পর্যায়ে রাজনীতিতে লিঙ্গ বৈষম্য কমাতে নেতৃত্বশীল ভূমিকা রাখা দেশকে সাধারণত ডব্লিউআইপি পুরস্কার দেওয়া হয়।
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন’ এ অবস্থান বিবেচনায় নিয়ে এ পুরস্কারের জন্য দেশগুলোকে নির্বাচন করা হয়। পুরস্কারের জন্য নির্বাচিত অন্য দেশগুলোর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য বিশেষত নারী সাংসদরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন শাহরিয়ার আলম। গত রাতে ঢাকা ছেড়েছেন তিনি, ফিরবেন ২৬ মার্চ।
