২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ার প্রশাসনিক ভবনের তালা ভাঙলেন উপাচার্য

সাত দফা দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের দেওয়া তালা ভেঙে সাড়ে তিন মাস পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবন খুললেন উপাচার্য।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 05:38 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

রোববার বেলা ১টায় উপাচার্য ড. এ কে এম নূর উন নবী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে সব ভবনের মূল ফটকের তালা ভেঙে ফেলেন। 

তবে, ক্লাস-পরীক্ষা যথারীতি বন্ধ রয়েছে। আন্দোলনকারী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছেন।

উপাচার্যের অপসারণসহ সাত দফা দাবিতে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ তালা লাগান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “উপাচার্যের আবেদনের প্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় তালা ভেঙে ফেলা হয়েছে।এ সময় আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।”

এ বিষয়ে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ বলেন, “সাত দফা বাস্তবায়নের দাবিতে চার মাস ধরে আন্দোলন করছি।

“উপাচার্য আমাদের দাবির প্রতি কর্ণপাত করেননি। ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে এসে তালা ভেঙে ফেলা হলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এই উপাচার্যের অধীনে তারা কেউ কাজ করবেন না এবং কাউকে কাজ করতেও দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

উপাচার্য ড. এ কে এম নূর উন নবী বলেন, “গত তিন মাসে আন্দোলনকারীরা আমার কোনো প্রস্তাবই শোনেনি। তাই শিক্ষার্থীদের কল্যাণে আন্দোলনকারীদের দেওয়া তালা ভেঙে ফেলা হয়েছে। এরপরে আবার কেউ তালা লাগালে তা এভাবেই ভেঙে ফেলা হবে।

উপাচার্যের অপসারণ, পদোন্নতি পাওয়া শিক্ষকদের সুবিধা প্রদান, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিসহ সাত দফা দাবিতে গত বছরের ২৭ অক্টোবর থেকে আন্দোলন শুরু শিক্ষক সমিতি। তাতে উপাচার্য কর্ণপাত না করায় পরে এটি সর্বজনীন আন্দোলনে রূপ নেয়।

উপাচার্যপন্থী কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনকারী দুই কর্মকর্তাকে পেটালে ৪ ডিসেম্বর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।