আগামী বিশ্বকাপ জিতে জবাব দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী
কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে ছিটকে পড়ার জন্য পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংকে দায়ী করে তার জবাব দিতে আগামীতে বিশ্বকাপ জয়ের প্রত্যয় জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
শনিবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় প্রকাশ করেন।
বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের জেলায় এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীকে পেয়ে চলমান বিশ্বকাপ ক্রিকেটে নিয়েই সাংবাদিকদের প্রশ্ন ঘুরেফিরে আসে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আম্পায়াররা ক্রিকেট পরাশক্তি ভারতের পক্ষ টেনেছেন বলে অভিযোগ তুলে তা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে বাংলাদেশজুড়ে। প্রধানমন্ত্রীও তা সমর্থন করেছেন।
বীরেন শিকদার বলেন, “মিস আম্পায়ারিং হয়েছে, আমাদের সাথে চরম অন্যায় করা হয়েছে। আমরা আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাব। আমরা এ ঘটনার প্রতিকার চাই।”
সেদিনের খেলায় আম্পায়ারিং নিয়ে আইসিসির প্রেসিডেন্ট ও বাংলাদেশের মন্ত্রী আ হ ম মুস্তফা কামালও অসন্তোষ প্রকাশ করেছেন। বিসিবিও জানিয়েছে, তারা আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে।
এবারের ‘অন্যায়ের’ প্রতিবাদ জানাতে আগামী বার বিশ্বকাপে জয়ের প্রস্তুতি নিতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
“আগামী বিশ্বকাপের জন্য অচিরেই প্রস্তুতি শুরু করা হবে। সামনের বিশ্বকাপে আমরা কাপ জয় করতে চাই। কঠিন প্রস্তুতি নিয়ে শক্তিশালী দল হিসেবে আমরা ইতিহাস সৃষ্টি করে পৃথিবীকে দেখিয়ে দিতে চাই।”
