২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর শাহজাহানপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন, যিনি একটি হত্যা মামলার আসামি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 09:00 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শাহজাহানপুরের টিটিপাড়ায় রোববার ভোররাতে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে র‌্যাব-৩ এর অপারেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।

নিহত মোবারক উল্লাহ মন্টি (২৭) সম্প্রতি ফকিরাপুলে এক তরুণীর সাত টুকরো লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার আসামি বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা সাইফুল বলেন, “সহযোগীদের নিয়ে মন্টি টিটিপাড়ায় অবস্থান নিয়েছে বলে খবর পেয়ে ভোররাতের দিকে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়।

“দুর্বৃত্তরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় মন্টিকে পড়ে থাকতে দেখা যায়।”

তাকে উদ্ধার করে ভোররাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয় বলে সাইফুল জানান।

গত ১০ মার্চ ফকিরাপুলের কালভার্ট রোডের গরম পানির গলিতে একটি টিনশেড বাড়ির চালায় এক তরুণীর খণ্ড-বিখণ্ড লাশ পাওয়া যায়।

তার পাশে একটি ফাঁকা প্লট থেকে একটি হাত এবং প্রায় তার কাছাকাছি দূরত্বে আর একটি হাত ও একটি পা পাওয়া যায়। মাথা উদ্ধার করা হয় পাশের বাড়ি ১৯৩/১ রোকেয়া মঞ্জিলের চতুর্থ তলা থেকে।

যে বাসায় মাথা পাওয়া যায় সেখানে মন্টি থাকতেন বলে মতিঝিল থানার ওসি ডি এম ফরমান আলী জানিয়েছিলেন।

মন্টি মাদকসেবী বলেও সে সময় জানিয়েছিলেন পুলিশ কর্মকর্তারা।