নীরব পর্যবেক্ষণে সম্ভাব্য প্রার্থীরা
আগাম প্রচারণাকারীদের পোস্টার-বিলবোর্ড অপসারণে বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় পার হওয়ার পরও ব্যর্থদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থামুখী হবে নির্বাচন কমিশন।
ইসি বলেছে, ইতোমধ্যে গোপন পর্যবেক্ষণ শুরু হয়েছে, ব্যবস্থাও আসবে যথা সময়ে।
সংস্থাটির যুগ্ম সচিব জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিষয়ে ছবি ও ভিডিও ধারণ করে প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণে রাখছে নির্বাচনী কর্মকর্তারা। আর প্রার্থী হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে ২৮ এপ্রিল।
২৯ মার্চ পর্যন্ত দুই ভাগেই মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের পর ৯ এপ্রিল প্রত্যাহারের শেষ দিনে চূড়ান্ত প্রার্থীদের নাম জানাবে রিটার্নিং কর্মকর্তা।
তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য প্রার্থীদের অনেকে নানা ‘অজুহাতে’ নগরীতে আগাম প্রচারণা চালায়।
তবে বুধবার তফসিল ঘোষণার পরই শুক্রবারের মধ্যে সব ধরনের ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড এবং পোস্টার অপসারণের নির্দেশ দেন সিইসি।
আচরণবিধি অনুযায়ী, ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ পাওয়ার পরই প্রচারণার সুযোগ পাবেন প্রার্থীরা; ২৬ এপ্রিল পর্যন্ত তা চলবে।
শনিবার পোস্টার অপসারণের বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দক্ষিণ সিটিতে প্রায় সব ধরনের আগাম প্রচারণামূলক পোস্টার সরিয়ে ফেলা হয়েছে। আজ থেকে যাদের পোস্টার পাওয়া যাচ্ছে বা নতুন পোস্টার লাগাচ্ছে- এমন পাওয়া গেলেই পুলিশ ধরবে।”
তিনি জানান, ইতোমধ্যে একজন কাউন্সিলরকে অফিসে ডাকা হয়েছে। এখনো কেন তার পোস্টার রয়েছে গেছে- তা জানতে চাওয়া হয়েছে।
“অনেকে দাবি করছে-নিজে পোস্টার না লাগালেও তার হয়ে কেউ লাগিয়ে যাচ্ছে। পোস্টারে প্রিন্টিং প্রেসের নাম ও শনাক্ত করার মতো কিছু না থাকায় ধরতেও অসুবিধা হচ্ছে।”
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিটি করপোরেশনের লোকজন ক্যামেরা, ভিডিও নিয়ে টহলে রয়েছে বলেও জানান এই রিটার্নিং কর্মকর্তা।
অন্যদিকে, ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, পুরো এলাকা তদারকি করছে নির্বাচনী কর্মকর্তারা। শুক্রবারেরর পর যাদের পোস্টার-বিলবোর্ড পাওয়া যাবে তা সংরক্ষণ করে রেখে দেওয়া হবে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, দক্ষিণ সিটি করপোরেশনের অনেক এলাকায় সম্ভাব্য কিছু কাউন্সিলর ও মেয়র প্রার্থীর পোস্টার চোখে পড়েছে তাদের।
“ইতোমধ্যে তাদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। কয়েকজন সম্ভাব্য কাউন্সিলর ও একজন সম্ভাব্য মেয়র প্রার্থীকে বিশেষ বাহক মারফত বিধি লঙ্ঘনের বিষয়টি জানানো হয়েছে। কাজ না হলে শিগগির কারণ দর্শানো নোটিস দেওয়া হবে,” বলেন মিহির সরওয়ার মোর্শেদ।
প্রার্থী হলে ওই সম্ভাব্য ব্যক্তিদের প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে বলে জানান তিনি।
৭০ জনের মনোনয়ন সংগ্রহ
ঢাকার দুই ভাগে শনিবার পর্যন্ত ৭০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে দুই জন মেয়র পদে মনোনয়ন নিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দীকি ও কাজী মো. শহীদুল্লাহ নামে দুইজন মনোনয়ন নিয়েছেন।
এছাড়া সাধারণ ওয়ার্ডে ২৫টি ও সংরক্ষিত ওয়ার্ডে একটি মনোনয়ন বিক্রি হয়েছে।
ঢাকা দক্ষিণে সাধারণ ওয়ার্ডে ৪১টি ও সংরক্ষিত ওয়ার্ডে একটি মনোনয়নপত্র বিক্রি হলেও মেয়র পদে কেউ মনোনয়নপত্র নেননি শনিবার পর্যন্ত।
