২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ড-ফেস্টুন নামলেও দক্ষিণে নামেনি পোস্টার

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারণামূলক পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে কমিশনের নির্দেশ পাওয়ার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশিরভাগ এলাকায় এখনও রয়ে গেছে পোস্টার।

কাজী মোবারক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 11:45 PM

Updated : 12 Oct 2022, 03:28 PM

শনিবার ঢাকা সিটি করপোরেশনের দক্ষিণ অঞ্চলের সদরঘাট, বংশাল, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর ও সেগুনবাগিচা এলাকা ঘুরে এ চিত্রের দেখা মিলেছে।

বুধবার নির্বাচন কমিশন ঢাকা দুই অংশ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ২৮ এপ্রিল ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করে।

সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মোহাম্মদ সেলিমের পোস্টারে ছেয়ে আছে পুরান ঢাকার ইসলামীয়া গার্লস স্কুলের গেট, মতিজিল শাপলা চত্বরের সাথে সারা টাউয়ারের গেইট, টিঅ্যান্ডটি বিশ্ববিদ্যালয় কলেজের গেইট, শেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির দেয়াল।

মতিঝিল সরকারি ঈদগাহ মাঠের দেয়াল, গুলিস্তানের পীর ইয়ামেনী মার্কেটের দেয়াল, কমলাপুরের রেলওয়ে হাসপাতালের গেইটে দেখা গেছে আরেক সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকনের পোস্টার।

এইসব এলাকায় কিছু কিছু স্থানে মেয়র প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান মজলিশের পোস্টারও দেখা যায়।

কাউন্সিলর প্রার্থীরাও প্রচারণায় পিছিয়ে নেই। বিভিন্ন স্থানে দেখা গেছে তাদের পোস্টারও।

এর মধ্যে মতিঝিল শাপলা চত্বরের পাশে আক্তার বিল্ডিংয়ের দেয়ালে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী একে এম মমিনুল হক, শাহীনুর রহমান, মো. সালাহ উদ্দিনের পোস্টার দেখা গেছে।

পাশের আরেকটি ভবনের দেয়ালে দেখা গেছে আমিনুল ইসলাম, এস এম শওকত ইকবালের পোস্টার।

১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজা বাচ্চু, আল রাজু আহমেদ, হারুন চৌধরী, আবুল কালাম আজাদের পোস্টার দেখা যায় সেগুন বাগিচাসহ বিভিন্ন জায়গায়।

অপসারণের পরও রয়ে গেছে ৮, ৯, ১০ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মিনু চৌধুরীর পোস্টার।

কমিশনের নির্দেশ পাওবার পরও কেন পোস্টার সরানো হয়নি এমন প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী সাঈদ খোকন বলেন, “কোন কোন এলাকায় কাউন্সিলররা আমার ছবি সংবলিত পোস্টার টানালে তার দায়দায়িত্ব আমার না। তবে আমার পোস্টার কোথাও থাকলে সেটা অতিদ্রুত নামিয়ে ফেলব।”

আর হাজি সেলিম বললেন, “আমার সব পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার নামিয়ে ফেলা হয়েছে। তারপরও কোথাও থাকলে আমি নিজে তা নামিয়ে ফেলব।”

এ বিষয়ে দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি। প্রায় সব এলাকায় পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও ব্যানার অপসারণ করা হয়েছে। তারপরও থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি কমিশনার ও সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রচার-প্রচারণার বিধি লঙ্গন করলে সর্বোচ্চ ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে কমিশনের।