২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে আহত এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 04:06 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

মৃত শহিদুল ইসলাম (৩৫) উপজেলার রসুলপুর গ্রামের আবু বক্করের ছেলে।

নিয়ামতপুর থানার ওসি ওবায়দুল হক জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর গ্রামের নাচোল এলাকায় দুই মোটর সাইকেলের সংঘর্ষে শহিদুলসহ আহত চারজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহত বাকিরা ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা ওবায়দুল।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় শহিদুল মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রসুলপুর গ্রামের সামনে নাচোল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শহিদুলসহ চার মোটরসাইকেল আরোহী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।পরে শহিদুলের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে তিনি মারা যান।