মার্কিন কংগ্রেসে বাংলাদেশসহ এশিয়া বিষয়ক কমিটিতে মেং
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি দেখভালের দায়িত্বপ্রাপ্ত প্যানেলে ঢুকেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এশিয়া ও প্যাসিফিক সংক্রান্ত পররাষ্ট্র বিষয়ক সাব কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
নিউ ইয়র্কে বাংলাদেশি ও চীনা অধ্যুষিত কুইন্স থেকে নির্বাচিত (ডেমক্র্যাট) গ্রেস মেং শুক্রবার এ তথ্য জানান।
প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সম্মানিত বোধ করছি। কারণ বর্তমান বিশ্বে এশিয়ার গুরুত্ব ক্রমশ বাড়ছে।”
কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য গ্রেস মেং বলেন, “বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া তথা এশিয়া মহাদেশের ভালো খবরে আমার নির্বাচনী এলাকা যেমন আনন্দে নেচে উঠে, ঠিক তেমনিভাবে খারাপ খবরে সকলে বিচলিত বোধ করি।
“বিশ্বের এই গুরুত্বপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি আরো জোরদারে কাজ করতে চাই আমি।”
এই সাব কমিটির পাশাপাশি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক কমিটিতেও কাজ করবেন গ্রেস মেং। কংগ্রেসে জ্যেষ্ঠতার ভিত্তিতে দ্বিতীয় মেয়াদে দ্বিতীয় সাব কমিটিতে দায়িত্ব পেলেন তিনি।
কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির পাশাপাশি হাউজ অব রিপ্রেন্টেটিভসের ক্ষুদ্র ব্যবসা সংক্রান্ত কমিটির সদস্য হিসেবেও আছেন গ্রেস মেং।
একুশে ফেব্রুয়ারিকে যুক্তরাষ্ট্রে সরকারিভাবে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে উদযাপনের জন্য গত বছরই কংগ্রেসে একটি বিল উত্থাপন করেন মেং।
এছাড়া রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছিলেন তিনি।
