২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাভারের আশুলিয়ায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2015, 09:55 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শুক্রবার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল জানান।

নিহত ইয়াসিন শেখ (২৬) গোপালগঞ্জ সদর উপজেলার হিরন গ্রামের আলীউল রহমানের ছেলে। তিনি ইপিজেডের পুরাতন জোনে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি স্কুল মাঠে ক্রিকেট খেলতে যান ইয়াসিন। খেলার এক পর্যায়ে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হলে খেলা পণ্ড হয়ে যায়।

“পরে সন্ধ্যায় সে পল্লীবিদ্যুৎ এলাকার কবরস্থান সড়ক দিয়ে বাসায় যাওয়ার পথে প্রতিপক্ষের কয়েকজন তাকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।”

আশপাশের লোকজন এসে উদ্ধার করে ইয়াসিনকে পাশের ‘গণি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সের্ন্টার’ এ ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে ওসি জানান।

এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।