সরকার আপসকামিতার সংস্কৃতি চালু করেছে: ইমরান
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর নিয়ে ‘টালবাহানা’ হচ্ছে উল্লেখ করে সরকার আপসকামিতার সংস্কৃতি চর্চা করছে বলে অভিযোগ করেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
যুদ্ধাপরাধের বিচারে কোনো আপস হলে ভবিষ্যত প্রজন্ম ক্ষমা করবে না বলেও সতর্ক করে দেন তিনি।
মতিঝিলে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশে ইমরান এইচ সরকার।
ইমরান বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরুর ছয় বছর পেরিয়ে গেলেও শুধুমাত্র কাদের মোল্লার রায় কার্যকর হয়েছে। সেটাও সাধারণ মানুষকে আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে হয়েছে।
“আবার যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা নিয়েও শুরু হয়েছে টালবাহানা। এতেই পরিষ্কার বোঝা যায়, সরকার অপরাধীদের বিষয়ে আপসকামিতার সংস্কৃতি চালু করেছে।
“যুদ্ধাপরাধের বিচারে কোনো আপস করলে ভবিষ্যত প্রজন্ম কোনোদিন আমাদের ক্ষমা করবে না।”
এর পরে সন্ধ্যায় লেখক অভিজিৎ রায় স্মরণে মশাল মিছিল শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি ঘুরে শাহবাগে এসে অবস্থান নেয়।
এর আগে বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নিয়ে কামারুজ্জামানসহ সকল যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শ্লোগান ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়।
অভিজিৎ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে ইমরান বলেন, “অভিজিৎ রায় হত্যার ২১ দিন পেরিয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এদিকে হুমায়ুন আজাদের হত্যাকারীদের বিচার এখনো হয়নি।”
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বই মেলার ভেতরে থেকে বেরিয়ে আসার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে হামলার শিকার হন অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
হামলাকারীদের চাপাতির আঘাতে মারা যান মুক্তমনা ব্লগ সাইটের প্রতিষ্ঠাতা লেখক-ব্লগার অভিজিৎ। মাথায় জখম হওয়ার পাশাপাশি চাপাতির আঘাতে একটি আঙুল হারিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ব্লগার বন্যা।
