ফেনীতে পেট্রোল বোমা: পুলিশের মামলা
ফেনীর দাগনভুইঞ্চায় মাছবোঝাই পিকআপ ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।
এই মামলায় পুলিশ এক জামায়াত নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
দাগনভুঞা থানার ওসি আবুল ফয়সাল জানান, শুক্রবার বিকালে এসআই হাসান উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এতে বিএনপি-জামায়াতের ২৬ নেতাকর্মী এবং অজ্ঞাত পরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় গ্রেপ্তাররা হলেন- মাতুভুঞা ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রিপন, শিবির সভাপতি ফরহাদ উদ্দিন রুবেল ও শিবিরকর্মী আশরাফুল রহমান নোবেল।
শুক্রবার ভোরে কুমিল্লার নিমসার এলাকা থেকে মাছবোঝাই একাটি পিকআপ নোয়াখালীর বসুরহাটে যাচ্ছিল।
সকাল সাড়ে ৬টার দিকে দাগনভুইঞ্চার মাতুভুইঞ্চা এলাকায় পৌঁছালে ৫/৬ জন দুর্বৃত্তরা পিকআপ ভ্যান লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে চালকসহ পাঁচজন দগ্ধ হন।
