২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত ৫

যশোর-খুলনা মহাসড়কে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের গাড়ি দুর্ঘটনায় পড়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 07:47 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় দুই পুলিশসহ পাঁচ জন আহত হলেও প্রতিমন্ত্রী অক্ষত আছেন।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি শিকদার আক্কাস আলী জানান, প্রতিমন্ত্রী খুলনার ফুলতলা থেকে যশোরের দিকে আসছিলেন।

রাজারহাট রামনগর পিকনিক কর্নার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেল মন্ত্রীর গাড়ির সামনে পড়ে।

এ সময় মোটরসাইকেলে থাকা চালকসহ তিন জন যাত্রীকে বাঁচাতে গেলে মন্ত্রীর গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ওসি বলেন, এ সময় দুই পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হয়। মন্ত্রীর কোনো ক্ষতি হয়নি।

পরে মন্ত্রী গাড়ি থেকে নেমে কিছু সময় বসে বিশ্রাম করেন বলে জানান তিনি।