২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বোমা হামলার ঘটনায় সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর টাইগার পাসে পেট্রোল বোমা ছুড়ে গাড়ি পোড়ানোর ঘটনায় ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 07:29 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

গ্রেপ্তারকৃত সাইফুর রহমান চৌধুরী শপথ (৩৭) ১৯৯৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।  

কোতোয়ালী থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম নগর যুবদলের রাজনীতির সঙ্গে সাইফুর রহমান শপথকে বৃহস্পতিবার রাতে ফেনীর পশুরাম এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে নগরীর টাইগার পাস এলাকায় একটি হিউম্যান হলারে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় তিনজন দগ্ধসহ মোট আটজন আহত হয়।

সুভাষ চন্দ্র সোম (৬৫) নামে আহত এক ব্যক্তি ৮ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যায়।

ওসি জসীম বলেন, ওই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে শুক্রবার বিকালে মহানগর হাকিম রহমত আলীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শপথ।

বাকলিয়া এলাকায় গত ১১ জানুয়ারি হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় আদালতে গ্রেপ্তারকৃতদের জবানবন্দিতেও শপথের নাম এসেছে।

এছাড়াও শপথের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও চকবাজার থানায় পাঁচটি নাশকতার মামলা রয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, জবানবন্দিতে শপথ জানান, অবরোধে টাইগার পাস এলাকায় যানচলাচল বন্ধ করতে তাকে ২০ হাজার টাকা দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্কর।

এবিষয়ে ১৩ ফেব্রুয়ারি সিআরবি সাত রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা, লালখান বাজারের হাড্ডি স্বপন ও শামসুল ইসলামসহ কয়েকজনকে নিয়ে বৈঠক করে শপথ।

“বৈঠকে আলী মর্তুজা গাড়ি বন্ধ করার দায়িত্ব নেয় এবং বক্করের দেওয়া ২০ হাজার টাকা তার হাতে দেয়। সে অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি রাতে তারা টাইগার পাসে হামলা চালায়।”

এর আগে ১১ জানুয়ারি বাকলিয়া থানার তুলাতলি ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘হানিফ এন্টারপ্রাইজের’ একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে অগ্নিসংযোগ করে অবরোধকারীরা। এঘটনায় মো. ইদ্রিস নামে নগর যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ৯ ফেব্রুয়ারি মহানগর হাকিম মুশফিকুল ইসলামের আদালতে দেওয়া ইদ্রিসের জবানবন্দিতেও আবুল হাশেম বক্কর ও সাইফুর রহমান শপথের নাম আসে।