২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগ সাংসদের বিরুদ্ধে

পটুয়াখালীতে একটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে জাল ভোটের জন্য এক ছাত্রলীগকর্মীকে সাজা দেওয়ার পর এক ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় সাংসদের বিরুদ্ধে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী আসনের সাংসদ মো. মাহাবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় এ ঘটনা ঘটে।

তবে, এ ব্যাপারে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মাহাবুবুর রহমান তালুকদারের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন সাংবাদিকদের জানান, ভোট গ্রহণ চলাকালে বেলা ১১টার দিকে দক্ষিণ কাজীর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় তিনি হাতেনাতে ধরেন সম্রাট নূর নামের এক ছাত্রলীগ কর্মীকে।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট এরশাদ।

এরপর সেখান থেকে চলে যান। দুপুর দেড়টার দিকে বাহেরচর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান করছিলেন এই ম্যাজিস্ট্রেট।

এরশাদ আরও জানান, ওই কেন্দ্রে অবস্থানকালে দলীয় কর্মী সমাটকে সাজা দেওয়ার কথা তুলে সাংসদ মাহবুব তার সঙ্গে থাকা নেতাকর্মীকে উত্তেজিত করে তোলেন।

এছাড়া কেন্দ্রে জাল ভোট দিতে বাধা দেওয়ায় সাংসদ ও তার লোকজন বারবার তাকে (ম্যাজিস্ট্রেট) গালাগাল দেন এবং মারতে উদ্যত হন। এ সময় কেন্দ্রে থাকা পুলিশসহ কারো কোনো সহযোগিতা না পেয়ে নিরাপত্তার কথা ভেবে ঘটনাস্থল ত্যাগ করেন এবং রাঙ্গাবালী থানায় আশ্রয় নেন।

তিনি জানান, তিনি খবর দেওয়ার পর থানায় উপস্থিত হন নির্বাচনে দায়িত্বরত পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিমুল হক।

ঘটনা শোনার পর কেন্দ্রে নিয়োজিত পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তাকে আশ্বস্ত করেন আজিমুল হক, বলেন ম্যাজিস্ট্রেট এরশাদ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাল ভোটের সুযোগ দেওয়া এবং দণ্ডিত সম্রাটকে ছেড়ে দেওয়ার কথা না রাখায় এমপি সাহেব প্রথমে তাকে গালাগাল দেন। এক পর্যায়ে এমপির সঙ্গে থাকা লোকজন কেন্দ্র থেকে তাকে (ম্যাজিস্ট্রেট) বেরিয়ে যেতে বাধ্য করে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান সাংবাদিকদের জানান, আইনগত বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে। এটা তেমন কোনো বড় ঘটনা নয়।

তবে, দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের ব্যর্থতা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান এসপি।

জেলা প্রশাসক অমিতাভ সরকার এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের সংশ্লিষ্ট সর্বোচ্চ মহলে বিষয়টি জানানো হয়েছে।

তাদের নির্দেশনা পেয়েই বিষয়টি নিয়ে অগ্রসর হতে হবে বলে মনে করেন তিনি।

রাঙ্গাবালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত হুমায়ুন তালুকদার এবং বিএনপির স্থানীয় নেতা রহমান আলী।