গোপালগঞ্জে পুকুর খুড়তে গিয়ে বিষ্ণু মূর্তি উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুকুর খোড়ার সময় ৩৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে, যেটি মূল্যবান কষ্টি পাথরের বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার বিকেলে গোবিন্দপুর ইউনিয়নের অর্জুনদহ গ্রামে সিরাজ মোল্লার মালিকানাধীন জমিতে মূর্তিটি পাওয়া যায় বলে মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ল্যাবে পরীক্ষার জন্য মূর্তিটি ঢাকায় পাঠানো হবে। তবে ধারণা করা হচ্ছে এটি মূল্যবান কষ্টি পাথরের।”
কৃষক সিরাজ জানান, তার জমিতে পুকুর খননের কাজে নিয়েজিত শ্রমিকরা মাটি কাটার সময় কোদালে পাথর জাতীয় কিছুর অস্তিত্ব টের পান। বিকেলে মাটি খুড়ে মূর্তিটি উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
