২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল-হাতবোমাসহ বিএনপি কর্মী আটক

রাজধানীর যাত্রাবাড়ী থেকে গভীর রাতে প্রায় অর্ধশত পেট্রোল বোমা ও হাতবোমসহ এক বিএনপি কর্মীকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2015, 01:06 PM

Updated : 22 Aug 2022, 11:57 AM

আটক রেজাউর রহমান ফাহিম (২৬) গত মাসে গুলশানে নৌমন্ত্রী শাহজাহান খানের মিছিলে বোমা হামলার অন্যতম সন্দেহভাজন বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে যাত্রাবাড়ী মোড়ে র‌্যাব-১০ এর একটি তল্লাশি চৌকিতে বোমাসহ ধরা পড়েন ফাহিম।

তার ব্যাগ তল্লাশি চালিয়ে ২০টি পেট্রোল বোমা ও ২০টি হাতবোমা পাওয়া যায় বলে জানান তিনি।

হরতাল-অবরোধের প্রতিবাদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঘেরাওয়ের জন্য শাজাহান খানের নেতৃত্বে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের একটি মিছিল গত ১৬ ফেব্রুয়ারি গুলশানের ২ নম্বর সেকশনের ৮৬ নম্বর সড়কে যাওয়ার পথে বোমা হামলার শিকার হয়।

গুলশানের মেট্রোপলিটন শপিংমলের ওপর থেকে ফেলা ৬-৭টি বোমা বিস্ফোরিত হয়ে অন্তত ১১ জন আহত হন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ফাহিম ওই হামলার অন্যতম সন্দেহভাজন বলে র‌্যাব কর্মকর্তা মাহমুদ জানান।

বিএনপি নেত্রী খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধ ডাকার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হচ্ছে।

নাশকতার এসব ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বোমা বানানোর সময় বিস্ফোরণে কয়েক বিএনপি কর্মীরও মৃত্যু হয়েছে।