শুভেচ্ছা সফরে চট্টগ্রামে ভারতীয় ৩ প্রশিক্ষণ জাহাজ
চারদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম এসেছে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের তিনটি প্রশিক্ষণ জাহাজ।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় আইএনএস তীর, আইএনএস কেশরী, ও আইসিজিএস ভেরুনা নামে এই তিনটি জাহাজ।
জাহাজগুলিকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম শেরাফুল্লাহ। এসময় চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার ও নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপ্টেন এস আর নায়ার, কমান্ডার কে শংকর ও কমান্ডার এন রবির নেতৃত্বে জাহাজ তিনটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সাঙ্গু অভ্যর্থনা জানায়।
জাহাজ তিনটিতে মোট ২৮৫ জন কর্মকর্তা ও ৫৬০ জন নাবিকও এসেছেন বলে জানানো হয়।
সফরকালীন সময়ে প্রশিক্ষণ জাহাজের অধিনায়করা চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক অধিনায়কদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জেমসহ বিভিন্ন জাহাজ ও প্রশিক্ষণ স্কুল পরিদর্শন করার কথা রয়েছে।
আগামী ২২ মার্চ সফর শেষে চট্টগ্রাম ত্যাগ করবে জাহাজ তিনটি।
