২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে অপহরণ, দুপুরে উদ্ধার

শরিয়তপুর থেকে অপহৃত চতুর্থ শ্রেণির এক ছাত্রকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে মহসিন মুন্সীকে (১০) উদ্ধার করা হয়।

মহসিন মুন্সী শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডুবা গ্রামের ডক্টরকান্দির সিকদার মুন্সীর ছেলে। সে ওই স্থানীয় মজিদকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।

লৌহজং থানার এএসআই আবুল কালাম জানান, বেলা সাড়ে ১২টার দিকে পদ্মার ওপার থেকে একটি লঞ্চ আসে মাওয়া ঘাটে।

লঞ্চে শিশুটি কান্নাকাটি করছিল। কান্না শুনে ঘাটে দায়িত্বরত মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কালাম এগিয়ে গেলে দুই অপহরণকারী পালিয়ে যায়।

এএসআই কালাম আরও জানান, উদ্ধারের পর তার বাবা-মাকে খবর দিয়ে এনে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অপহৃত মহসিন জানায়, সকালে সে বিদ্যালয়ে যাওয়ার সময় দুজন লোক তাকে লঞ্চে তুলে নিয়ে আনে। কিন্তু লঞ্চে উঠেই বাড়ির কথা মনে পড়লে সে কান্নাকাটি শুরু করে।