২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

ফেনীতে মুক্তিপণের জন্য অপহৃত এক শিশুকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 05:17 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

উদ্ধার তাসরিফা জামান সিমরান (৩) ছাগলনাইয়া মন্দিয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ জামাল উদ্দিনের মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা থেকে তাকে উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, বুধবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময়  সিমরানকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে অপহরণ করেন তার আপন খালু শরীফুল ইসলাম।

পরে তার পরিবারের কাছে ফোন করেন ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকি দেন তিনি।

মোজাম্মেল হোসেন আরও জানান, এ ঘটনার পর শিশুটির মা মর্জিনা আক্তার পলি র‌্যাব-৭ ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।

র‌্যাব অপহরণকারীর মোবাইল ফোন ট্র্যাকিং করে ভুজপুরের চিকনছড়া মাস্টার পাড়ার ওয়াদুদ সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে সিমরানকে উদ্ধার করে।

র‌্যাব অভিযান চালিয়ে অপহরণকারী শরীফুল ইসলামকে (২৮) চট্টগ্রামের মিরসরাইয়ের জোরালগঞ্জে এলাকার জোবেদা ফার্মেসির সামনে থেকে আটক করে।

এ সময় অপর দুই অপহরণকারী ফটিকছড়ির মোহাম্মদ নবী (২৮) ও মো. লোকমান (৩০) পালিয়ে যায় বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।