২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জিপিওতে বোমা বিস্ফোরণ, বিএনপিকর্মীকে পিটুনি

রাজশাহী জেনারেল পোস্ট অফিসে (জিপিও) বোমা হামলার অভিযোগে এক বিএনপিকর্মীকে ধরে পিটুনি দিয়েছে জনতা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 11:56 AM

বৃহস্পতিবার নগরীর লক্ষ্মীপুর জিপিও ভবন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান।

আটক রবিউল ইসলাম (৪০) নগরীর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং কাজীহাটা এলাকার রুস্তম আলীর ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মেহেদী বলেন, বেলা সোয়া ১১টার দিকে লক্ষ্মীপুর জিপিও ভবনের সামনে থেকে হাতবোমা ছোড়েন রবিউল। জানালার কাচ ভেঙে বোমাটি অফিসের ভেতরে গিয়ে বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি।

বোমা হামলার পর দৌড়ে পালানোর সময় স্থানীয়রা রবিউলকে হাতেনাতে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে জনতার হাত থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে জানান ওসি।

এর আগে গত ১৬ মার্চ জিপিও’র পাশে রাজশাহী শিক্ষাবোর্ড ও ১৮ মার্চ রাজশাহী আদালত চত্বরে একইভাবে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ওই দুই ঘটনায়ও রবিউল জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।