সাভারে আগুনে পুড়ল ৫ দোকান
ঢাকার সাভারে একটি বিপণিবিতানে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের রহমত উল্লাহ মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ অগ্নিদগ্ধ না হলেও অগ্নিনির্বাপক কর্মীদের সঙ্গে আগুন নেভাতে গিয়ে ওই মার্কেটের কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানান জাফর।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সকালে ওই টিনশেড মার্কেটের একটি লেপ-তোষকের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পরে।
ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভানোর আগেই মার্কেটের পাঁচটি দোকান পুড়ে যায়।
জাফর বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
