সব বাধা ভেঙে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিএনপি-জামায়াত জোটের অবরোধে পরীক্ষা বিঘ্নিত হওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশের জনগণ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমানে কিছু সমস্যা হচ্ছে। একটি জোট বাধা দিচ্ছে। ছেলে-মেয়েরা ঠিকমতো পরীক্ষা দিতে পারছে না।
“এদেশের জনগণ যে কোনো বাধা ভেঙে এগিয়ে যেতে পারবে। যে কোনো প্রতিবন্ধকতা ভেঙে এগিয়ে যাওয়ার ক্ষমতা এদেশের জনগণের রয়েছে।”
গত আড়াই মাস ধরে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ চলছে। অবরোধের মধ্যে হরতালেরও আহ্বান রাখছে তারা। এই কর্মসূচিতে হাতবোমা বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপে অগ্নিদগ্ধ হয়ে ১২৫ জনের মৃত্যু হয়েছে। সহস্রাধিক যানবাহন পুড়ে ছাই হয়ে গেছে।
অবরোধ-হরতালে মাধ্যমিক পরীক্ষর্থীদের পরীক্ষার সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। হরতালের জন্য শুধু সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই পরীক্ষা নেওয়া হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু ফেলোশিপের জন্য ২০১০ সালের জুলাই থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ৮৫ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। ২২৫ জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ দেওয়ার লক্ষ্য রয়েছে। এরমধ্যে ২২২ জনকে ফেলোশিপের অর্থ দেওয়া হয়েছে। তাদের ২৮ জন বিদেশে এমএস ও চারজন পিএইচডি এবং দেশে ১১ জন পিএইচডি ও পোস্ট ডক্টরেট শেষ করেছেন।
চলতি বছরে এক হাজার ৩৪৩ জনকে এনএসটি ফেলোশিপের জন্য সাড়ে সাত কোটি টাকা দেওয়া হয়েছে। প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য ৭৩টি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা, ৬২টি বিজ্ঞানসেবী সংস্থা ও প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা অনুদান, ৩৫টি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা এবং বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে ৩৩০টি প্রকল্পের জন্য ১২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
তিনি বলেন, “শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব না। গবেষণার জন্য আমরা যে টাকা দিচ্ছি- সেটা আমরা মনে করি বিনিয়োগ করছি।”
তথ্য প্রযুক্তি (আইসিটি) আইনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের সঙ্গে বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে।
“আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সুষ্ঠু, সাশ্রয়ী ও টেকসই ব্যবহারের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। এখানেই বিজ্ঞানীদের শক্তিকে কাজে লাগাতে হবে, যাতে কম সম্পদ ব্যবহার করে বেশি সেবা পাওয়া যায়।”
বাংলাদেশের দেশের মানুষ ‘অসাধ্য’ সাধন করতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ওই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক।
স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান।
