মুন্সীগঞ্জে মাসুম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
এক দশক আগে মুন্সীগঞ্জে উপ-নির্বাচনকে কেন্দ্র করে সংঘাতে বিকল্প ধারার কর্মী আমিনুল ইসলাম মাসুমকে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন- শ্রীনগর উপজেলার শাহাদাত এবং বাবুল। উপ-নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছিলেন তারা।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বাবুল রায়ের সময় আদালতে হাজির ছিলেন। শাহাদাত শুরু থেকেই পলাতক।
যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি বিচারক তাদের প্রত্যোককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে আরও এক বছর করে জেল খাটতে হবে তাদের।
মামলার ২৫ আসামির মধ্যে তিনজন বিচার চলাকালীন সময়ে মারা যান। অপরাধ প্রমাণিত না হওয়ায় বাকি ২০ জনকে খালাস দিয়েছেন বিচারক।
ওই ঘটনায় নিহত আমিনুল ইসলাম মাসুম মুন্সীগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরীর পোলিং এজেন্ট ছিলেন।
২০০৪ সালের ৭ জুন উপনির্বাচনের পরদিন মাহীর বিজয় মিছিলে আসামিরা হামলা করলে নিহত হন পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মাসুম।
মামলার নথি থেকে জানা যায়, মাহীর পোলিং এজেন্ট মাসুম ভোটের দিন শাহাদত ও বাবুলকে জাল ভোট দিতে বাধা দেওয়ায় আসামিরা পরদিন বিজয় মিছিলে হামলা চালিয়ে মাসুম ও তার ভাই শেখ আবদুল্লাহ আল মামুনকে আহত করে। পরে হাসপাতালে মারা যায় মাসুম।
এরপর ৮ জুন মামুন ১২ জনকে আসামি করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে পুলিশ প্রথমে ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও পরে বাদীর নারাজি আবেদনে ২৫ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়।
