২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক ফেরি দিয়ে চলছে ভোলা-লক্ষ্মীপুর ঘাটের পারাপার

যান্ত্রিক ত্রুটির কারণে একটি ফেরি বিকল হয়ে থাকায় চারদিন ধরে এক ফেরি দিয়ে চলছে ভোলা-লক্ষ্মীপুর ঘাটের পারাপার।

আহাদ চৌধুরী তুহিন

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

গত রোববার (১৫ মার্চ) থেকে ফেরি কিষানি বিকল থাকায় ফেরি কনকচাঁপা দিয়ে চলছে পারাপার। বুধবার ঘাটের দুপাড়ে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছে কয়েকশ পণ্য বোঝাই ট্রাক।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ভোলার যোগাযোগের সহজ মাধ্যম এই ফেরি ঘাট। একটি ফেরি চলাচল করায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পারাপার হতে পারছে না পণ্যবাহী ট্রাকসহ নানা ধরনের পরিবহন।

ফেরি ইনচার্জ আবু আলম ভুইয়া বুধবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে যানবাহন নিয়ে লক্ষ্মীপুরের মজু চৌধুরী ঘাট থেকে ভোলায় আসার পথে মেঘনার রহমতখালী এলাকায় হঠাৎ করেই কিষানি নামের ফেরিটি বিকল হয়ে যায়।

চার দিন ধরে সচল ফেরি কনকচাঁপা দিয়ে যানবাহন পারাপার হলেও উভয়পাড়ে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়।

ইনচার্জ আবু আলম জানান, কিষানি মেরামতের জন্য লক্ষ্মীপুর ওয়ার্কশপে চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ইঞ্জিনের কিছু পার্টস আনার জন্য ঢাকায় পাঠানো হয়েছে । ওই পার্টস আসার পর ফেরি  সচলর হতে পারে বলে আশা প্রকাশ করলেও কত দিন লাগতে পারে তা নিশ্চিত করে বলতে পারছেন না।

পরিবহন শ্রমিকরা জানান, ঘাটে তরমুজ ও আলুসহ বিভিন্ন কাঁচামাল পারাপার হতে না পারায় পচন ধরার আশংকা করা হচ্ছে।

ট্রাক চালক মো. কবির  বলেন, “চরফ্যাশন থেকে লক্ষ্মীপুর যাওয়ার জন্য দুদিন ধরে ঘাটে অপেক্ষা করছি। কিন্তু ফেরি পাচ্ছি না।”