সিলেটে মা-ছেলে নিখোঁজ
সিলেট নগরীতে শিশু সন্তানসহ এক গৃহবধূ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে।
জালালাবাদ থানার ওসি আক্তার আহমদ জানান, গত বুধবার (১৬ মার্চ) রাতে নগরীর হাওলাদার পাড়ার ২৭/২ নম্বর বাড়ির বাসিন্দা সতেন্দ্র কুমার চন্দের ছেলে সুদীপ চন্দ এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ ওই নারী তাদের বাসায় আশ্রিতা ছিলেন বলে সুদীপ জিডিতে উল্লেখ করেন।
পুলিশ দুজনকে খুঁজছে বলে জানান ওসি আক্তার।
ডায়েরিতে বলা হয়, স্বপ্না রাণী (২১) তার ২০ মাসের সন্তান শুভকে নিয়ে রোববার সকাল ১১টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
সতেন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটের এম এ জি ওসমানী হাসপাতালের বারান্দায় দুই মাসের শিশুকে নিয়ে স্বপ্নাকে অসহায় অবস্থায় থাকতে দেখে তাকে বাসায় নিয়ে আসেন সতেন্দ্র কুমারের স্ত্রী।
সতেন্দ্র জানান, গত দেড় বছর ধরে স্বপ্না ছেলেকে নিয়ে তাদের বাসায় থাকতেন। পরিবারের সদস্যের মতোই তাকে থাকার জন্য আলাদা ঘর করে দেন তিনি।
কিন্তু কাউকে কিছু না বলে স্বপ্না ছেলেকে নিয়ে চলে গেছেন বলে জানান তিনি।
