নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে গলা কেটে স্ত্রীকে হত্যার দায়ে নেত্রকোণায় এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
বুধবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হামিদ পাঁচ বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
আসামি রুবেল মিয়া জেলার কেন্দুয়া উপজেলার স্বল্প মাইজহাটী গ্রামের শারফুল জামানের ছেলে।
তার উপস্থিতিতেই আদালত সর্বোচ্চ সাজার আদেশ ঘোষণা করে।
মামলার বিবরণে জানা যায়, রুবেল বিয়ের পর থেকেই তার স্ত্রী ফাতেমা খাতুনের (২২) ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে ২০০৯ সালের ২৫ অগাস্ট ধারালো কাঁচি দিয়ে ফাতেমাকে গলা কেটে হত্যা করেন তিনি।
প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে রুবেলকে আটক করে পুলিশে দেয়। পরদিন ফাতেমার বড় ভাই শফিকুল ইসলাম কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে ওই বছর ২৯ সেপ্টেম্বর রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আব্দুল কাদির ভূঁইয়া। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সামছুদ্দিন আহম্মেদ।
