মাগুরায় দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘরে ভাংচুর-লুটপাট
আধিপত্য বিস্তারের চেষ্টায় মাগুরা সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে; ভাংচুর ও লুটপাটের শিকার হয়েছে অর্ধশতাধিক বাড়িঘর।
সদর থানার এসআই মিলন হোসেন জানান, বুধবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার আমুড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, এলাকার আধিপত্য নিয়ে আমুড়িয়া গ্রামের টিটো মাস্টার ও হাতেম আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
“এর জের ধরে সম্প্রতি দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে হাতেম আলীর নেতৃত্বে তার সমর্থকরা টিটো মাস্টারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে।”
এরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রায় তিন ঘণ্টা পাল্টাপাল্টি হামলা, ভাংচুর ও লুটপাট চলে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পুলিশ দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করতে পারেনি বলে এসআই মিলন জানান।
