২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে তালাবন্ধ হোটেলে পুড়ে মরলেন দুজন

লক্ষ্মীপুরের রামগঞ্জে গভীর রাতে একটি হোটেলে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় পুড়ে  দুই কর্মচারীর মৃত্যু হয়েছে।  

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 09:39 AM

Updated : 22 Aug 2022, 11:56 AM

নিহতরা হলেন- উপজেলার দরবেশপুর গ্রামের আবদুল হকের ছেলে মোহাম্মদ চৌধুরী ও শরীয়তপুরের আবদুস সালাম।

বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি খাবারের দোকানে আগুন লেগে তাদের মৃত্যু হয় বলে রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেন জানান।

আগুন ছড়িয়ে ওই হোটেলের পাশের একটি মুদি দোকানও পুরোপুরি পুড়ে যায়।

“অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ ও সালাম। হোটেলের বাইরে তালা লাগানো থাকায় তারা বের হতে পারেননি,” বলেন রামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল আলম।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর হোটেলের তালা ভেঙে দুইজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হতে পারে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।