ইউজিসির কথায়ও সচল হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
অবরোধ-হরতালের প্রভাব জনজীবনে এখন আর তেমন নেই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস-পরীক্ষা চললেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ব্যতিক্রম।
আড়াই মাস ধরে চলা বিএনপি জোটের অবরোধ-হরতালে ক্লাস-পরীক্ষা চালাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার কোনো ছাপ দেখা যাচ্ছে না।
শাটল ট্রেন চলাচল করায় ক্যাম্পাসে শিক্ষার্থীরা গেলেও বিভিন্ন বিভাগে শিক্ষকদের উপস্থিতি হাতেগোনা। আর এ কারণে ক্লাস হচ্ছে না অধিকাংশ বিভাগে।
শিক্ষকদের দাবি, শহর থেকে ২২ কিলোমিটার দূরে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের যে বাস রয়েছে, তা চলাচল বন্ধ থাকায় তারা ক্যাম্পাসে যেতে পারছেন না।
সবমিলিয়ে একপ্রকার অচলই আছে চট্টগাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। আর এর জন্য পিছিয়ে পড়ছেন শিক্ষার্থীরা।
অথচ হরতাল-অবরোধ ২০ দল চালিয়ে গেলেও সরকারি-বেসরকারি অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে প্রায় পুরোদমে।
গত ৫ জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অবরোধ ডাকার পর স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম। ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রায় লাগাতার হরতাল।
বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ভূঁইয়া মো. মনিরুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল-অবরোধের কারণে বিভাগের অনার্সের প্রতিটি বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।
সপ্তাহের অন্যান্য দিনের পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন করে তা শুক্র ও শনিবার নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
অবরোধের কারণে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ সমাপনী এবং তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা পেছানো হয়েছে বলে জানান সেকশন অফিসার জনার্দ্দন ভট্টাচার্য।
একই অবস্থা প্রায় সব বিভাগের। ক্লাস না হওয়ার কারণে এভাবে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
হরতাল-অবরোধের কারণে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারেনি।
গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী যে কোনো মূল্যে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালানোর নির্দেশনা দেন।
ওই নির্দেশনার পর ক্লাস শুরুর আশায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিতি হলেও শিক্ষকদের পাচ্ছেন না।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোলাম মোহতামীম নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অবরোধ শুরু হওয়ার পর থেকে আমাদের বিভাগে অ্যাকাডেমিক কার্যক্রম মূলত স্থবির হয়ে আছে। ক্লাসের পাশাপাশি বিভিন্ন বর্ষের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে।”
কয়েকটি বিভাগে শুক্র ও শনিবার ক্লাস পরীক্ষা চললেও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না বলে জানান নাঈম।
বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের উপ-পরিচালক মো. রবিউল আলম জানান, প্রতিদিন শিক্ষক-কর্মচারীদের আনা নেওয়ার জন্য ১১টি বাস চলাচল করে। এর মধ্যে শিক্ষকদের বহনকারী সাতটি এবং কর্মচারী বহনকারী চারটি বাস।
কিন্তু গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে বিএনপি-জামায়াতের চলমান অবরোধ-হরতালে শুক্র ও শনিবার ছাড়া অন্য কোনোদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস চলাচল করে না বলে জানান তিনি।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, “বর্তমানে শিক্ষকদের ক্যাম্পাসে যেতে হলে শাটল ট্রেন, লোকাল বাস, অটো রিকশা কিংবা ব্যক্তিগত গাড়ি নিয়ে ক্যাম্পাস যেতে হচ্ছে। এ কারণে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া শিক্ষকরা ক্যাম্পাসে যান না।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনের দাবি, দেশজুড়ে চলমান নাশকতায় শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় বাসগুলো চলছে না।
এদিকে আড়াই মাস ধরে শিক্ষা কার্যক্রম না চলায় ভয়াবহ সেশন জটের আশঙ্কা করছে শিক্ষার্থীরা।
সেশনজটের বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন “হরতালের কারণে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষার স্বাভাবিক কার্যক্রম চলছে না।”
তবে সেশনজট কমাতে বিভিন্ন বিভাগে শুক্র ও শনিবার পরীক্ষা ও ক্লাস নিয়ে সেশনজট কমানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা শুক্র-শনিবার ক্লাস পরীক্ষা নিচ্ছি।”
তবে হরতালে শিক্ষক বাস চলাচল না করায় অনেক শিক্ষকের ক্যাম্পাসে না আসার বিষয়টিও স্বীকার করেন তিনি।
বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে আগে একবার বাসে হামলার কথা তুলে ধরেন তিনি।
তবে আগামী সপ্তাহ থেকে বাস চালাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান উপাচার্য।
