২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতির মুখে সাদুল্লাপুরের স্ট্রবেরি চাষিরা

টানা অবরোধ ও হরতালে বাজারজাতকরণ ও পরিবহন সমস্যার কারণে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার স্ট্রবেরি চাষিরা ক্ষতির মুখে পড়েছেন।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 06:21 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

দুই বছর আগে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজনগর গ্রামের কৃষক মোখলেছুর রহমান বিপ্লব মাত্র তিন বিঘা জমিতে স্ট্রবেরির চাষ করেন।

অন্যান্য ফসলের চেয়ে অধিক লাভজনক হওয়ায় বর্তমানে ওই গ্রামের ২৬ জন কৃষক অর্ধশতাধিক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করছেন।

চাষ, পরিচর্যা ও ফসল তোলা পর্যন্ত বিভিন্ন কাজে এলাকার অন্তত পাঁচশ দরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

চাষিদের অভিযোগ, চলমান হরতাল-অবরোধে চলতি মৌসুমে স্ট্রবেরি চাষ করে তাদের পুঁজি হারানোর মুখে পড়েছেন।  

এলাকার প্রথম স্ট্রবেরি চাষি মোখলেছুর রহমান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবাদপত্রে স্ট্রবেরি চাষের কথা জেনে দুই বছর আগে প্রতিটি ১৫ টাকা দরে ১০ হাজার ৮শ টাকায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা থেকে ৭২০টি স্ট্রবেরির চারা আনেন।

তিন বিঘা জমিতে সেই চারা রোপনের মধ্যে দিয়ে শুরু করেন স্ট্রবেরি চাষ।

উৎপাদন পর্যন্ত তার ব্যয় হয় ১ লাখ ২০ হাজার টাকা।

ফসল তোলার পর সপ্তাহে দুদিন ট্রাকযোগে স্ট্রবেরি নিয়ে তিনি ঢাকার কারওয়ান বাজারে সরবরাহ করেন।

প্রতি কেজি চারশত ২০ টাকা থেকে একশত ৬০ টাকা দরেও বিক্রি করেন তিনি।

প্রথমবার স্ট্রবেরি  বিক্রি করেন প্রায় ২০ লাখ টাকার।

তার আর্থিক লাভের কথা জেনে অনেকেই এরপর স্ট্রবেরি চাষে ঝুঁকে পড়েন।

বিপ্লব আরও জানান, স্ট্রবেরি চারা থেকেই জন্ম নেয় নতুন চারা। ফলে নতুন করে আর চারা কিনতে হয় না।

চলতি বছরেও তিনি তিন বিঘা জমিতে স্ট্রবেরির চাষ করেন। কিন্তু চলতি মৌসুমে চলমান হরতাল-অবরোধের কারণে প্রতি কেজি স্ট্রবেরি একশত ২০ টাকা থেকে মাত্র ৭০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

গাইবান্ধা থেকে ঢাকার কারওয়ান বাজারে সরবরাহ করতে পরিবহন সংকট না থাকলেও ভাড়া পড়ছে বেশি।

এছাড়া ঢাকা থেকে সিলেট, চট্টগ্রামসহ দেশের অন্যান্য এলাকায় সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় স্ট্রবেরির দাম কমে গেছে বলে জানান তিনি।

একই গ্রামের কৃষক মেহেদুল ইসলাম মাস্টার জানান, বিপ্লবের কাছ থেকে আগ্রহী হয়ে পাঁচ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করেছেন তিনি। আশা করেছিলেন লাভবান হবেন। কিন্তু হরতাল-অবরোধে দাম কমে যাওয়ায় পড়েছেন ক্ষতির মুখে।

চার বিঘা জমির স্ট্রবেরি চাষি একই গ্রামের কৃষক তোজাম্মেল হোসেন জানান, প্রতিদিন জমি থেকে ফল ওঠাতে হয়। না হলে নষ্ট হয়ে যায়।

তিনি জানান, এলাকার ২৬ জন চাষির স্ট্রবেরি নিয়ে প্রতিদিন একটি ট্রাক ঢাকার কারওয়ান বাজার যায়। কিন্তু আর কোনো এলাকা বা বাজারে তারা ফল সরবরাহ করতে না পারায় চলতি মৌসুমে পুঁজি হারানোর ভয়ে রয়েছেন।   

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমান মন্ডল বলেন, এ কাজে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের আওতাধীন কৃষকদের স্ট্রবেরি চাষে প্রযুক্তিগত পরামর্শসহ অর্থনৈতিক ও বাজারজাতকরণে নানা ধরনের সহযোগিতা করে আসছেন।

তবে রাষ্ট্রীয় পর্যায়ে স্ট্রবেরি প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাসহ দেশের বাইরে রপ্তানির ব্যবস্থা করতে পারলে কৃষকরা আরও লাভবান হবে বলে জানান তিনি।