২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা কর্মসূচিতে চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

সারা দেশের মতো চট্টগ্রামেও নানা আয়োজনে পালন করা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 04:08 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর শিল্পকলা একাডেমি থেকে মেজবাহ উদ্দিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে চট্টগ্রাম শিশু একাডেমিতে পৌঁছে শেষ হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল ৮টা থেকে কোরআন খতম, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম শিশু একাডেমী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দৌলতুজ্জামান।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিনটি উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিকালে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভার ‍আয়োজন করা হয়েছে। এছাড়া দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ আলাদা কর্মসূচির আয়োজন করেছে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের নিয়ে কেক কেটে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

এছাড়া মুসলিম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র মনজুর আলম।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট এক দল সেনা কর্মকর্তার হাতে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন তিনি।