২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাজিরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে শরীয়তপুরের জাজিরায় এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 12:09 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

সোমবার উপজেলার কাজিরহাট সেতুর কাছে ব্যবসায়ী খিদির বেপারীর (৩০) ওপর হামলা হয় বলে তার চাচা দবির বেপারী জানিয়েছেন।

নিহত খিদিরের বাড়ি কাজিরহাটের দক্ষিণ ডোবলদিয়া গ্রামে।

দবির বেপারী বলেন, খিদিরের সঙ্গে চাচাতো ভাই মোস্তফা বেপারীর জমি নিয়ে বিরোধ ছিল।

“সোমবার সন্ধ্যায় জাজিরা সদর থেকে বাড়ি ফেরার পথে কাজিরহাট সেতুর কাছে খিদিরের সঙ্গে মোস্তফার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোস্তফা ও তার সঙ্গী জাজিরা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন কাজীসহ অন্যরা খিদিরের ওপর হামলা করেন।”

হামলাকারীরা খিদির ও তার সঙ্গী আমির হোসেন বেপারী, আনোয়ার হোসেন বেপারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে বলে জানান তিনি।

আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেলে রাত সাড়ে ১১টার দিকে খিদির  মারা যান বলে জাজিরা থানার ওসি আকরাম আলী জানান।

এ হত্যাকাণ্ডে শ্রমিক লীগ নেতা নূর হোসেন ও মোবারক মোল্যাকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনায় দবির বেপারী নূর হোসেন কাজীসহ ৩৫ জনকে আসামি করে জাজিরা থানায় হত্যা মামলা করেছেন।