২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অক্ষম নয়, তারা ভিন্নভাবে সক্ষম’

শারীরিক প্রতিবন্ধীদের দক্ষ করে তুলতে পারলে তারাও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে বলে সবাইকে তাদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 12:13 AM

Updated : 22 Aug 2022, 11:55 AM

তিনি বলেছেন, “সমাজের অক্ষম মানুষরা আসলে অক্ষম না, তারা ভিন্নভাবে সক্ষম। তারা যদি সামান্যতম সহযোগিতাও করে, তাহলে আমাদের অর্থনীতি ও সমাজের জন্য তারা সম্পদে পরিণত হবে। আর দক্ষ জনশক্তিই বিজিএমইএ’র ২০২১ সালের ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণে মূল ভূমিকা রাখবে।”

সোমবার প্রোমোশন অফ স্যোশাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস ইন দ্য ইন্ডাস্ট্রি (পিএসইএস) প্রকল্পের আওতায় অক্ষম ব্যক্তিদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অক্ষম ব্যক্তিদের দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও জার্মান সরকারি সংস্থা জিআইজেড যৌথ উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

প্রকল্পটির সর্বশেষ দুই বছরের সফলতা ও চ্যালেঞ্জ বর্ণনা করতে মিরপুরের সিআরপিতে (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড) এ মতবিনিময় অনুষ্ঠান হয়।

অক্ষম ব্যক্তিদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করে জিআইজেড এর প্রোগ্রাম সমন্বয়ক ম্যাগনাস স্কিমড বলেন, সিআরপির তত্ত্বাবধানে রানা প্লাজায় আহত একজন রোগী ৯ মাস পর কৃত্রিম পা ফিরে পেয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে, তিনি কোনদিন ভাবেননি যে তিনি নিজের পাঁয়ে দাঁড়াবেন।

সাভারে জিআইজেড, সিআরপি ও বিজেএমইএ এর উদ্যোগে প্রোসথেটিকস অ্যান্ড অর্থোটিকস স্কুলের কাজ সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। বর্তমানে সেখানে দুটি ব্যাচের ২০ জন শিক্ষার্থী ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করছে।

অনুষ্ঠানে সিআরপির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর বলেন, জিআইজেড, বিজেএমইএ ও রেডক্রস সাভারে প্রোসথেটিকস অ্যান্ড অর্থোটিকস স্কুল প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।

অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বলেন, জিআইজেড, সিআরপি ও অন্যান্য সহযোগীদের সহযোগীতায় রানা প্লাজার ৫১৫ জন ভুক্তভোগী বিভিন্ন ধাপে প্রশিক্ষণ নিয়েছে।

সেন্টার ফর ডিজঅ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, এ প্রকল্পের আওতায় দেশের নীতি নির্ধারক এবং উচ্চ ও মধ্যম পর্যায়ের তৈরি পোশাক শিল্প মালিকদের উদ্দেশে একটি হ্যান্ডবুক তৈরি করা হয়েছে। যার অনুসরণে তৈরি পোশাক কারখানায় অক্ষম ব্যক্তিরা অনুকূল পরিবেশে সম্মানের সঙ্গে কাজ করতে সক্ষম হবেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম খোরশেদ আলম বলেন, দক্ষতাই হবে ভবিষৎ পৃথিবীর সম্পদ, বাংলাদেশও তা অর্জনের চেষ্টা করছে।