বল তুলতে ডোবায় নেমে দেখে বাবার লাশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিখোঁজ হওয়ার সাতদিন পর এক কেয়ারটেকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকালে আজিজুল হকের (৪৫) লাশ পাওয়া যায়। আজিজুল ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইসবপুরের প্রয়াত তাহের আলী ফকিরের ছেলে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম জানান, দীর্ঘদিন ধরে আজিজ পরিবার নিয়ে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ বটতলা দিঘীরপাড় এলাকায় একটি বাড়িতে কেয়ারটেকার হিসেবে বসবাস করে আসছিলেন।
গত ৮ মার্চ সকালে আজিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
সোমবার বিকালে বাড়ির পাশে একটি মাঠে তার ছেলে শহিদুলসহ কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল।
এ সময়ে তাদের বলটি বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়।
শিশু শহিদুল ওই ডোবা থেকে ক্রিকেট বলটি তুলতে গেলে বাবার লাশ দেখে চিৎকার করে ওঠে।
এসআই শফিউল আরও জানান, মৃতের গলা, চোখ ও কুনইয়ে আঘাতে চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে শহীদ তাজাউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
