ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর কোচ খাদে, নিহত ৩
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী কোচ খাদে পড়ে গেলে নারী-শিশুসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।
সোমবার বিকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে সলঙ্গা থানার ঘুড়কা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের একজন হলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ির নাহের আলীর স্ত্রী হামিদা বেগম (৬০)। অপর দুজনের পরিচয় জানা যায়নি।
আহতদের বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বিএম ইমদাদুল হক জানান, ঢাকা থেকে রংপুরগামী সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী কোচ ঘুড়কা বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হামিদা বেগম, আনুমানিক ৭ বছর বয়সী একটি ছেলে ও ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। লাশ থানা হেফাজতে রয়েছে। এ মামলার প্রস্তুতি চলছে।
