২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুজন হত্যা: অভিযোগ আমলে নিয়েছে আদালত

রাজধানীতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 03:00 PM

Updated : 12 Oct 2022, 03:26 PM

পুরনো খবর:

মিরপুরের ওসি, এস আই জাহিদের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশ

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কেএম ইমরুল কায়েস সোমবার অভিযোগপত্র আমলে নেন বলে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান।

গত ১২ জুলাই রাতে এসআই জাহিদের নেতৃত্বে একটি দল রাজধানীর শংকরের পশ্চিম জাফরাবাদের বাসা থেকে সুজন, তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি ও পাঁচ বছর বয়সী ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

সেখানে সুজনকে আলাদা করে নিয়ে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। পরদিন ভোরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

নির্যাতনের অভিযোগ ওঠার পরপরই এস আই জাহিদকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ।

সুজনের লাশের ময়না তদন্ত প্রতিবেদনে ওই ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হলে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এস আই জাহিদসহ মোট আটজনকে আসামি করা হয় এতে।

Image
এসআই জাহিদুর রহমান জাহিদ

এসআই জাহিদুর রহমান জাহিদ

কিন্তু তাতে সন্তুষ্ট না হওয়ায় নিহতের স্ত্রী লুসি জজ আদালতে এসে মিরপুর থানার ওসি সালাহউদ্দিন খানসহ ১০ জনকে আসামি করে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩’ এর ১৫ ধারায় মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। দীর্ঘ তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট এস এম আশিকুর রহমান গত ৬ নভেম্বর  আদালতে প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে ওসির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাজ কুমার, কনস্টেবল আসাদ, কনস্টেবল রাশেদুল ও মিথুনের সংশ্লিষ্টতার কথা আদালতকে জানানো হয়।