সিজারের বাবা মামুনের ‘যুদ্ধাপরাধের’ বিচার দাবি
এফবিআইকে ঘুষ দিয়ে যুক্তরাষ্ট্রে দণ্ডপ্রাপ্ত রিজভী আহমেদ সিজারের বাবা বিএনপি নেতা মোহাম্মদ উল্লাহ মামুন একাত্তরে রাজাকার সদস্য ছিলেন অভিযোগ করে তার বিচারের দাবি জানিয়েছেন প্রবাসী একজন মুক্তিযোদ্ধা।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় রোববার এক মানববন্ধন কর্মসূচিতে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী এই দাবি জানান।
একাত্তরে নোয়াখালীর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদেরও কমান্ডার ছিলেন।
তিনি বলেন, “আমার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। একাত্তরের ডিসেম্বরে বিজয়ের পর এলাকায় ফিরে শুনেছি, মোহাম্মদ উল্লাহ মামুন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে এলাকায় হত্যাযজ্ঞ চালিয়েছে। লুটতরাজ এবং অগ্নিসংযোগের ঘটনায়ও সে পাক হায়েনাদের সহযোগী ছিল।”
ওই ভূমিকার কারণে স্বাধীনতার পর আরও অনেকের সঙ্গে সেনবাগ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ‘রাজাকার মামুনকে’ দেশ স্বাধীন হওয়ার পর গ্রেপ্তারও করা হয়েছিল বলে নূরনবী জানান।
“বহু বছর পর আমি যুক্তরাষ্ট্রে আসার পর জেনেছি, সেই মোহাম্মদ উল্লাহ মামুন নিউ ইয়র্কে বাস করছে এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাথে যুক্ত রয়েছে।”
নূরনবী বলেন, “একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত থাকলে তাকেও আদালত নোটিশ দেবে এই আশঙ্কায় মামুন ও তার ছেলে জামায়াত-শিবিরের অর্থে বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”
তিনি বলেন, “আমি একাত্তরের মানবতাবিরোধী অপরাধী হিসেবে মোহাম্মদ উল্লাহ মামুনের দ্রুত বিচার শুরুর দাবি জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। তার ক্ষতি করার উদ্দেশ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সংরক্ষিত গোপন তথ্য পেতে এফবিআইএর এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অপরাধে গত ৪ মার্চ এই মামুনের ছেলে রিজভী আহমেদ সিজারকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় নিউ ইয়র্কের একটি আদালত।
রোববার জ্যাকসন হাইটসে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের মানববন্ধন
যুক্তরাষ্ট্রের আদালতে দণ্ডপ্রাপ্ত রিজভী আহমেদ সিজার
এই অবস্থাতেই শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ফুডকোর্টে এক সংবাদ সম্মেলনে হাজির হন সিজার। কিন্তু আওয়ামী লীগ কর্মীদের ধাওয়ার মুখে সটকে পড়েন তিনি।
রোববার তিনি একইস্থানে আবারও সংবাদ সম্মেলনে আসার ঘোষণা দিলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
তবে সন্ধ্যা ৬টায় সিজারের অনুপস্থিতিতে সেখানে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে একটি সংবাদ সম্মেলন হয়।
বিএনপির কর্মসূচি শেষে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ওই এলাকা ত্যাগ করেন এবং ডাইভার্সিটি প্লাজায় মানববন্ধন করে ‘জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেতৃবৃন্দের’ কঠোর শাস্তি দাবি করেন।
অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন এবং মহিউদ্দিন দেওয়ান, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরুজ্জামান সর্দার, সহসভাপতি দরুদ মিয়া রনেল, প্রজন্ম একাত্তরের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি শিবলী সাদিক, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া মানববন্ধনে বক্তব্য দেন।
