২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদা আইন মান্যকারী’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘আইন মান্যকারী নাগরিক’ উল্লেখ করে অপেক্ষা করতে বললেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2015, 11:35 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

রোববার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর ঢাকা মহানগর বিশেষ জজ-৩ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানতে চাইলে ঢাকা আইনজীবী সমিতির এই নবনির্বাচিত সভাপতি এ কথা বলেন।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের একজন আইন মান্যকারী নাগরিক। আইনের আশ্রয়ে তিনি থাকতে চান। যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তার পরবর্তী শুনানি আগামী ৫ এপ্রিল। এখনো দীর্ঘ সময় আছে। একটু অপেক্ষা করুন। কি হবে- দেখতে পাবেন।”

গত ২৫ ফেব্রুয়ারি বিশেষ আদালত-৩ জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

নিজ কার্যালয়ে অবস্থান করলেও এই সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করায় ক্ষমতাসীনদের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে আইন অমান্যকারী হিসেবে আখ্যায়িত করে বক্তব্য রেখেছেন।

ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচিত হওয়ার পর গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে যান সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী।

গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা বারের নির্বাচনে মাসুদ ও ওমর ফারুক বিজয়ী হন।

দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের পর কার্যালয়ের সামনে অপেক্ষমান সাংবাদিকদের মাসুদ আহমেদ তালুকদার বলেন, “মামলা-মোকদ্দমার বিষয় নিয়ে নেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। উনার মামলার আমরা আইনজীবীও। তার মামলা ছাড়াও দলীয় নেতাকর্মীদের মামলার বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি।”

তিনি জানান, বড়পুকুরিয়া মামলার বিষয়েও আলোচনা হয়েছে। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াও আসামি।

উচ্চ আদালতের রায়ের অপেক্ষায় থাকা দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিষয়টি নিয়েও বেগম জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মাসুদ আহমেদ তালুকদার।

তিনি বলেন, “বেগম জিয়া দেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রেখেছেন, তাকে যেন আদালতে হাজির করা হয়।”

সন্ধ্যা ৬টার দিকে পুলিশের বিশেষ শাখার সদস্যদের অনুমতি নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন এই দুই আইনজীবী। রাত ৯টার দিকে আইনজীবীরা কার্যালয় থেকে বেরিয়ে যান।