নূরের গাড়িবহরে হামলা: অভিযুক্ত ২০৭ জন
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামালা ও আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রোববার নীলফামারীর মুখ্য বিচারিক হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান।
অভিযুক্তদের মধ্যে নীলফামারী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু হেলাল ও সদর উপজেলা জামায়াতের আমির খায়রুল আনামও রয়েছেন।
তদন্ত চলাকালে এ মামলার তিন আসামির লাশ উদ্ধার করে পুলিশ।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আখতার জানান, অভিযুক্তদের মধ্যে ৬০ জন রয়েছেন যাদের বিভিন্ন সময়ে এর আগে গ্রেপ্তার করা হযেছে।
তবে মামলা দায়ের পর থেকেই পলাতক রয়েছেন জামায়াতের দুই প্রভাবশালী নেতা আবু হেলাল ও খায়রুল আনাম।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালে মানবতবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার রাতে জেলা সদরের লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে হামলা চালায় জামায়াত-শিবিরসহ বিএনপির নেতাকর্মীরা।
সে সময়ে বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল লুট করে হামলাকারীরা।
ওই বছরের ১৪ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান তৎকালীন সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
ফাইল ছবি
হামলায় টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগকর্মী লেবু মিয়া, যুবলীগ নেতা ফরহাদ আলম ও তার ছোট ভাই মুরাদ হোসেন এবং পথচারী আবুবক্কর ছিদ্দিক নিহত হন।
ওই রাতেই সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
অপরদিকে আওয়ামী লীগ নেতা খোরশেদ হত্যার ঘটনায় তার ছোটভাই রাশেদ চৌধুরী বাদী হয়ে ৮৪ জনের বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা দায়ের করেন।
আদালতের বিচারক ওই দুই মামলা একত্রে তদন্ত করে অভিযোগপত্র দাখিলের জন্য নির্দেশ দেন পুলিশকে।
এ পুলিশ কর্মকর্তা জানান, মামলার প্রধান আসামি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীর (৩০) লাশ ২০১৪ সালের ১৮ জানুয়ারি জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের পাশ থকে উদ্ধার করে পুলিশ।
এর দুদিন পর ২০ জানুয়ারি সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের ধারে নাড়িয়ার ডাঙ্গায় পাওয়া যায় টুপামারী ইউনিয়ন ছাত্রদল নেতা আতিকুর রহমান আতিকের (২৪) লাশ।
এরপর ১ ফেব্রুয়ারি বগুড়ার মোকামতলা থেকে উদ্ধার হয় শিবির নেতা মহিদুল ইসলামের লাশ।
তারা সবাই ওই মামলার আসামি ছিলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ২০৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।
