দুই লঞ্চডুবি নিয়ে মন্ত্রণালয়ের প্রতিবেদন জমা
সুন্দরবনের শেলা নদীতে দুর্ঘটনায় তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে নৌ মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
দুর্ঘটনার জন্য ডুবে যাওয়া সাউদার্ন-৭ লঞ্চকে ধাক্কা দেওয়া এমভি টোটালের মাস্টারকে দায়ী করা হয়েছে।
এছাড়া পদ্মায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা ডুবির ঘটনায় উভয় লঞ্চের মাস্টারকে দায়ী করে তদন্ত প্রতিবেদন দিয়েছে এ সংক্রান্ত কমিটি।
দুটি কমিটির প্রধান ও নৌ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নূর-উর রহমান রোববার বিকালে সচিবালয়ে নৌমন্ত্রী শাজাহান খানের কাছে প্রতিবেদন দুটি তুলে দেন।
নূর-উর রহমান সাংবাদিকদের বলেন, “শেলা নদীর দুর্ঘটনার জন্য মূলত টোটালের মাস্টার দায়ী। আমরা তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার সঙ্গে জড়িত সব বিষয় তুলে আনতে পেরেছি বলেই মনে করছি।”
ভবিষ্যতে এ ধরণের নৌ দুর্ঘটনা এড়াতে বেশকিছু সুপারিশ করা হয়েছে বলে জানালেও এবিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
রোববার সন্ধ্যায় নৌ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেলা নদীর দুর্ঘটনার জন্য ২৩টি সুপারিশ করেছে তদন্ত কমিটি।
এর মধ্যে দুটি আইনগত, নৌ নিরাপত্তা সংক্রান্ত তিনটি, প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত ১১টি, সার্ভে সংক্রান্ত ছয়টি এবং অন্য বিষয়ে একটি সুপারিশ রয়েছে।
গত ৯ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল নিয়ে একটি অয়েল ট্যাংকার ডুবে যায়।
পদ্মায় লঞ্চডুবি: উভয় মাস্টার দায়ী
দুই লঞ্চের মাস্টারকে দায়ী করে পদ্মায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা ডুবির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এই কমিটির প্রধান নূর-উর রহমান।
নৌ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দুর্ঘটনার জন্য এমভি নার্গিস-১ এর মাস্টার ইকবাল কবির এবং এমভি মোস্তফার মাস্টার আফজালকে দায়ী করেছে তদন্ত কমিটি।
গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এমভি মোস্তফা নামের যাত্রীবাহী লঞ্চ দৌলতদিয়া যাওয়ার পথে মালবাহী নৌযান এমভি নার্গিস-১ এর ধাক্কায় পদ্মা নদীতে ডুবে যায়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমভি মোস্তফা দুর্ঘটনায় তদন্ত কমিটি ২৪টি সুপারিশ করেছে।
এরমধ্যে একটি আইনগত, নৌ নিরাপত্তা সংক্রান্ত ছয়টি, প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত নয়টি, সার্ভে সংক্রান্ত পাঁচটি এবং অন্য বিষয়ে তিনটি সুপারিশ রয়েছে।
দুটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তদন্ত প্রতিদেবন হস্তান্তরের সময় নৌ-সচিব শফিক আলম মেহেদী, তদন্ত কমিটির সদস্য ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের চীফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কে এম জসীম উদ্দিন সরকার, সমুদ্র পরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মাঈন উদ্দিন হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ নৌ বাহিনীর স্টাফ অফিসার লে. কমান্ডার এম এহতেশামুল হক খান, বিআইডব্লিউটিসির চীফ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম তালুকদার, বুয়েটের আধ্যাপক মো. শাহজাদা তরফদার এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল ইসলামও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় উপস্থিত ছিলেন।
