না’গঞ্জে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।
আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, রোববার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া গ্রামে এ ঘটনা হয়।
নিহত আবু তালেব মিয়া (৫৫) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি আলমগীর জানান, বালিয়াপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে সেলিনা প্রতিবেশী সোহেলের কাছে ৮০০ টাকা পান। পাওনা টাকা চাওয়া নিয়ে বিকালে সেলিনার সঙ্গে সোহেলের বাকবিতণ্ডা হয়।
এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে সোহেলের লোকজন সেলিনার বাবা আবুল তালেবসহ ছয়জনকে পিটিয়ে গুরুতর আহত করে।
আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা আবু তালেবকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা আলমগীর জানান।
