গাইবান্ধায় ভটভটি-পাওয়ার টিলার সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার পলাশবাড়ীতে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিল চালিত ভটভটি ও বালুবোঝাই পাওয়ার টিলারের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হন আরও পাঁচজন।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ মিয়া জানান, শনিবার রাতে শিমুলিয়া গ্রামের এমএ সামাদ কারিগরি কলেজের সামনে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রোববার বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আহত শাকিল মিয়ার (২৮) মৃত্যু হয়।
শাকিল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর সুজা মসজিদ চোরগাছা গ্রামের রানু মিয়ার ছেলে।
আহত অন্যরা হলেন পলাশবাড়ীর কিশোরগাড়ী গ্রামের জোবেদ আলী (৪০), কালুগাড়ী গ্রামের ভটভটি চালক কালাম মিয়া (৪২), বাড়াইপাড়া গ্রামের জরিনা বেগম (৪০), নূরপুর গ্রামের কোহিনুর বেগম (৪৫) ও জোবেদা বেওয়া (৫৫)।
তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক ফিরোজ মিয়া আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে কিশোরগাড়ী গ্রাম থেকে বরযাত্রী নিয়ে শ্যালো ইঞ্জিল চালিত ওই ভটভটি পলাশবাড়ী উপজেলা সদরের বাড়াইপাড়া গ্রামে যাচ্ছিল।
শিমুলিয়া এলাকায় বিপরীতমুখী একটি বালুবোঝাই পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ পাওয়ার টিলারটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে জানান পরির্দশক ফিরোজ।
