চরফ্যাশনে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ
ভোলার চরফ্যাশনে যৌতুকের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার ভোররাতে উপজেলার জাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিবি আমেনা ওরফে ফাতেমা (২২) জাহানপুর গ্রামের আকতার নামে এক ব্যক্তির স্ত্রী। ফাতেমার বাবার নাম রতন মাঝি।
চরফ্যাশন শশীভূষণ থানার ওসি সামসুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন থাকায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যৌতুকের জন্য আকতার প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করত বলে ফাতেমার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
এ ঘটনায় ফাতেমার বাবা রতন মাঝি স্বামী আকতারকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা সামসুল।
মামলার আসামিরা সবাই পলাতক রয়েছে উল্লেখ করে পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে জানান তিনি।
